চারটি শর্তে ‘এ’ লেভেল এবং জিসিএসই পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি মেনে ইংলিশ মিডিয়ামের এ পরীক্ষা আগামী জানুয়ারি থেকেই শুরু করতে বলা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে বলে শর্ত দিয়েছে মন্ত্রণালয়। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়ে পত্র জারি করে।
শর্তগুলো হলো—স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে, সারা দেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর বেশি পরীক্ষা নেওয়া যাবে না এবং প্রতিজন শিক্ষার্থীকে ছয় ফুট দূরে বসাতে হবে, পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় সরকার পরীক্ষা গ্রহণের অনুমতি বাতিল করতে পারবে এবং পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কোভিড-১৯ আক্রান্ত হলে ব্রিটিশ কাউন্সিলকে এর দায়-দায়িত্ব বহন করতে হবে।