যৌতুক না পেয়ে স্ত্রীর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত!

সাভারের আশুলিয়ায় ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীর সারা শরীর ধারালো ব্লেড দিয়ে কেটে ক্ষতবিক্ষত করেছে এক পাষণ্ড স্বামী। ঘটনাটি ঘটেছে শনিবার আশুলিয়ার কুটুরিয়ার ধলপুর এলাকায়। নির্যাতিত ঐ গৃহবধূর নাম মারুফা আক্তার (২৫)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছয় বছর আগে সাভারের কান্দি ভাকুর্তার গোলাম মোস্তফার মেয়ে মারুফা আক্তারের সঙ্গে আশুলিয়ার কুটুরিয়ার ধলপুর এলাকার আব্দুর রহমান আজাদের ছেলে শেখ সাদী আজাদের বিয়ে হয়। বিয়ের পর পরই ৫ লাখ টাকা যৌতুক দাবি করে শেখ সাদী আজাদ। স্ত্রী বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে শনিবার মেয়েটির সারা শরীর ধারালো ব্লেড দিয়ে কেটে ক্ষতবিক্ষত করে তাকে হত্যার চেষ্টা চালায় শেখ সাদী আজাদ। এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায় তার স্বামী। ঐ গৃহবধূর চিত্কার শুনে প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. সায়েমুল হুদা জানান, ঐ গৃহবধূর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়েছে। তাকে চিকিত্সা দেওয়া হচ্ছে।

আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, বিষয়টি জেনেছি, তবে ঐ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।