বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় ৬৭ কেজি শ্রেণিতে স্বর্ণপদক পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম। নাইম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থী।তার গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গি ইউনিয়নে।
জানা যায়, গত ১০-১২ ডিসেম্বর থেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতা মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে সর্বমোট ৭৪টি দল অংশগ্রহণ করে।
সাফল্যের বিষয়ে জানতে চাইলে নাইম বলেন, আমার জীবনের প্রথম জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং এতেই সাফল্য পেয়েছি। এজন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সাফল্যের পেছনে অন্যতম অবদান ছিলো কোচ জসিম সেনসি্ ও রমজান সেনসি্'র। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামস শাহরিয়ার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, স্বর্ণ পদক অর্জনের খবর আমাদের বিভাগের জন্য অত্যন্ত আনন্দের। শুধু নাট্যকলা বিভাগ নয়, এই অর্জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। এতে করে অন্যান্য শিক্ষার্থীর মাঝে উদ্দীপনা সৃষ্টি হবে। আমরা বিভাগের শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম কাজে উদ্বুদ্ধ করি। পরিস্থিতি স্বাভাবিক হলে নাইমকে বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।
ইত্তেফাক/এএএম