নতুন টিভি কিনলে ১০ শতাংশ ছাড়ে আকাশ ডিটিএইচ

আগামী দিনের গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতা বদলে দেয়ার প্রয়াসে আকাশ ও ওয়ালটন শুরু করলো একটি নতুন যাত্রা। এখন থেকে ওয়ালটনের নতুন টিভি কিনলে ১০ শতাংশ ছাড়ে আকাশ ডিটিএইচ কিনতে পারবেন গ্রাহকরা। এই ক্যাম্পেইনটি ২০ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলবে। 

গত রবিবার এক অনলাইন অনুষ্ঠানে এ যৌথ ঘোষণা দেয় দেশের একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবাদাতা আকাশ এবং দেশীয় বহুজাতিক ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। অনুষ্ঠানে আকাশ-ওয়ালটন যৌথ ক্যাম্পেইন নিয়ে বক্তব্য রাখেন বেক্সিমকো কমিউনিকেশন্স এর চেয়ারম্যান শায়ান এফ রহমান এবং ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রিজভী।

বেক্সিমকো কমিউনিকেশন্সের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, ‘আধুনিক সব প্রযুক্তির মাধ্যমে ২০২০ সালে আমরা অনেকদূর এগিয়েছি। প্রযুক্তির কল্যাণে গ্রাহকদের আকাশের মতো টিভি দেখার অনন্য অভিজ্ঞতা প্রদান করতে পেরেছি। এ পর্যায়ে গ্রাহকরা দেশীয় বহুজাতিক ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যৌথ এ উদ্যোগের মাধ্যমে টিভি দেখার সর্বোচ্চ অভিজ্ঞতাই উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস। দেশের বড় দুটি কোম্পানীর একসঙ্গে হয়ে কাজ করার সবচেয়ে বেশি সুবিধা পাবেন দেশের সর্বস্তরের মানুষ।’

অনলাইন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেক্সিমকো কমিউনিকেশন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ডিএস ফয়সাল হায়দার, হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন জিয়া হাসান খান ও হেড অব সেলস্ অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ মুহাম্মাদ মাকসুদুল গনি এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ, ডিরেক্টর রাইসা সিগমা হিমা ও রিফাহ তাসনিয়া স্বর্ণা, চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোস্তফা নাহিদ হোসেন।