২৭ বছরে রঙ বাংলাদেশ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ ঘটনা সম-সময়ে ২৬ পূর্ণ করতে চলেছে বাংলাদেশের শীর্ষসারির ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ। ২০ ডিসেম্বর পা রাখল সাতাশে। ২০১৫ সালের ‘ছন্দপতন’ এবং পরবর্তী সময়ে ‘রঙ’ থেকে ‘রঙ বাংলাদেশ’ হিসাবে অভিযাত্রা শুরুর পর পার হয়ে গেছে ৬ বছর। বাংলাদেশের ফ্যাশন জগতে সময়ের সঙ্গে খাপ খাইয়ে চলার প্রয়াসে অবিচল রঙ বাংলাদেশ অন্যদের মতোই এক দুঃসহ সময়ের মুখোমুখি।

বিশ্বব্যাপী প্রথম ঢেউ কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এ বছর দুটি বড় উত্সব এবং ঈদ ছিল নিরুত্তাপ। পরবর্তী সময়ে বাজার তুলনামূলকভাবে কিছুটা স্বাভাবিক হলেও ফ্যাশন খাতের পালে সেই বাতাস লাগেনি। তবুও এই ক্রান্তিতে উপনীত রঙ বাংলাদেশ ইতিবাচকভাবেই ভাবতে চায়। কারণ ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। উপরন্তু যে মানুষটির কল্যাণে আমরা পেয়েছি এই দেশ, সহস্র বছরের শ্রেষ্ঠ সেই মানুষটির জন্মশতবার্ষিকীও।

ফিরে দেখা :নব্বই দশকের শুরুতে চার বন্ধু মিলে টুকটাক কাজ করতে করতেই পরিকল্পনা। সেই ভাবনার সোপান ধরেই ফ্যাশন হাউজ রঙ-এর শুরু ১৯৯৪ সালে। নারায়ণগঞ্জের চাষাড়ার শান্তনা মার্কেটের ছোট্ট পরিসরে। বয়ে যাওয়া সময়ে চার থেকে হয়ে যায় দুই। বাকি দুজন এগিয়ে নিতে থাকে রঙ-কে। দেশের ফ্যাশনপ্রিয় মানুষের ভালোবাসায় নারায়ণগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের অন্যত্রও শাখার বিস্তার ঘটে। কিন্তু শেষ পর্যন্ত রোধ করা যায়নি ভাঙন।

‘রঙ’ থেকে ‘রঙ বাংলাদেশ’ :পরিস্থিতিকে মেনে নিতেই এক সময় রঙ হয়েছে ‘রঙ বাংলাদেশ’। ২০১৫ সালের কথা। ছন্দপতনের বিহ্বলতা কাটিয়ে উঠে, সূচনাদিনের প্রত্যয়েই ‘রঙ বাংলাদেশ’ এগিয়েছে। অবশ্য সেটা সম্ভব হয়েছে দেশজুড়ে ছড়িয়ে থাকা রঙ অনুরাগীদের সমর্থন আর পৃষ্ঠপোষকতায়। লক্ষ্যে অবিচল থেকে প্রধান নির্বাহী সৌমিক দাসের সঙ্গে এক ঝাঁক নিবেদিতপ্রাণ কর্মীর নিরলস প্রচেষ্টায় নতুন করে বিকশিত হয়েছে ‘রঙ বাংলাদেশ’। অপরিসীম উত্সাহ, উদ্দীপনার সঙ্গে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা নিয়ে এগিয়েছে রঙ বাংলাদেশ। গত পাঁচ বছরে ‘রঙ বাংলাদেশ’ ফ্যাশন অনুরাগীদের ভালোবাসায় শাখা ছড়িয়েছে দেশের নানা প্রান্তে। এই ব্র্যান্ডের বর্তমান আউটলেটের সংখ্যা ২৬। নারায়ণগঞ্জ, বসুন্ধরা সিটি, গুলশান, বগুড়া, বেইলী রোড, ওয়ারী, সীমান্ত স্কয়ার, যমুনা ফিউচার পার্ক, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঈশ্বরদী, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া এবং মাদারীপুরে রয়েছে ‘রঙ বাংলাদেশ’। ডিজিটাল উত্কর্ষের সঙ্গে তাল মিলিয়ে গড়ে উঠেছে ‘রঙ বাংলাদেশ’র অনলাইন প্লাটফর্ম— নিজস্ব ই-কমার্স সাইট ও ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যম। ফলে দেশে-বিদেশের ক্রেতারা বাসায় বসেই সংগ্রহ করতে পারছেন তাদের পছন্দের সকল সামগ্রী।