রোনালদোর ঝুলিতে এবার ‘গোল্ডেন ফুট’

জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২০ সালের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ক্লাব নামের একটি সংগঠন প্রতি বছর ২৮ বছরের বেশি বয়সি খেলোয়াড়দের সাফল্যময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দিয়ে থাকে।

আসছে ফেব্রুয়ারিতে ৩৬-এ পা দিতে চলা রোনালদো যে এই পুরস্কার পাবেন, সেটা গত ১ ডিসেম্বরেই নিশ্চিত করা হয়েছিল। ট্রফিটি তিনি হাতে পেয়েছেন গতকাল। ট্রফি প্রাপ্তির পর ইনস্টাগ্রামে এর প্রতিক্রিয়া হিসেবে তিনি লিখেন, ‘গোল্ডেন ফুট পুরস্কার জিতে মোনাকোর চ্যাম্পিয়ন প্রোমেনেদে ফুটবলের সর্বকালের সেরাদের সঙ্গে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ।’ এ নিয়ে ১৮ বারের মতো এ পুরস্কারে ভূষিত করা হলো কাউকে। তবে প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে এই পুরস্কারের মালিক হলেন রোনালদো। এই পুরস্কার জয়ে তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসি, রবার্ট লেভান্ডভস্কি, জর্জিও কিয়েলিনি, নেইমার, সার্জিও রামোস, সার্জিও আগুয়েরো, জেরার্ড পিকে, মোহামেদ সালাহকে।