বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে এবার রাস্তায় নামলেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ‘বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মাচারী ফোরাম’- এর ব্যানারে সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী গতকাল  জাতীয় পতাকা হাতে নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পাশে জড়ো হন তারা। এরপর তারা শোভাযাত্রাসহ মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন  ও বক্তব্য রাখেন। কর্মকর্তারা  বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখতে তারা রাস্তায় নেমে এসেছেন। তারা চুপ করে বসে থাকবেন না।

কর্মসূচিতে অংশ নিয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বলেন, দেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুজিববর্ষ পালন করছে, তখন উত্কট কিছু বিষয় জনমনে বিভ্রান্তি তৈরি করছে। স্বাধীনতার ৫০ বছর পর তারা বঙ্গবন্ধুকে অবমাননা করছে। বঙ্গবন্ধুকে অবমাননা মানে রাষ্ট্রকে অবমাননা। একটি কুচক্রী মহল জনগণকে বিভ্রান্ত করে ফায়দা হাসিল করতে চায়। আরো বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান , পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ, সহকারী পরিচালক তানজিনা তানীন, কম্পিউটার অপরাটের আবুল খায়ের উজ্জ্বল। সংসদ সচিবালয় ছাড়াও গণপূর্ত বিভাগ, সোনালী ব্যাংক (সংসদ সচিবালয় শাখা), নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও মেডিক্যাল সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন।