চন্দনাইশ ও কটিয়াদী পৌরসভা নির্বাচন

দলীয় মনোনয়ন পেতে তত্পর সম্ভাব্য প্রার্থীরা

চন্দনাইশ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তত্পরতা বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী তপশিল ঘোষণার আগে-ভাগেই মানোনয়ন পেতে দলীয় নেতাদের সমর্থন আদায়ের জন্য ধর্না দিচ্ছেন এসব প্রার্থী। হাটে-মাঠে এবং সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুশল বিনিময়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে প্রার্থিতার কথা। পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও। মেয়র পদে এবারও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানান বর্তমান মেয়র মাহাববুল আলম খোকা। একই দল থেকে মেয়র পদে অপর মনোনয়নপ্রত্যাশী মোজাম্মেল হক। এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাববুর রহমান চৌধুরী এবং গাছবাড়িয়া কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরীও মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মেয়র পদে মাওলানা আবদুল হাকিম প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।

কটিয়াদী পৌর নির্বাচনে আওয়ামী লীগের

১০ প্রার্থীর দৌড়ঝাঁপ

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি কটিয়াদী পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন দলের প্রার্থীরা সোমবার দলের কেন্দ্রীয় অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে অন্তত দশ জন প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী দুজন। জাতীয় পার্টি থেকে এক জন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন—বর্তমান মেয়র শওকত উসমান শুক্কুর আলী, সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক গিয়াস উদ্দিন আহম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক সালমা আনিকা, হামিদ মো. জসিম, রফিকুল ইসলাম রফিক, শাহরিয়ার আহমেদ পাভেল, সোহরাব উদ্দিন, শরীফ আহম্মেদ ও মাহাবুবুর রহমান সোহেল। বিএনপি থেকে প্রচার চালাচ্ছেন সাবেক মেয়র উপজেলা বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেন খান দিলীপ ও পৌর বিএনপির আহ্বায়ক গোলাম ফারুক চাষী। অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ আলম জাতীয় পার্টি থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে লিফলেট প্রচারণা শুরু করেছেন।