বয়স জটিলতা

গোপালগঞ্জে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারছে না শিক্ষার্থীরা

বয়স জটিলতায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছে না গোপালগঞ্জের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থী চলতি বছর পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হয়েছে। কিন্তু এদের বয়স ১১ বছরের কম থাকায় তারা অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছে না। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন। এছাড়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ধরনা দিয়েও শিক্ষার্থী এবং অভিভাবকরা জন্ম নিবন্ধন সংশোধন করতে পারছেন না। ফলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে বিপাকে পড়েছে অধিকাংশ শিক্ষার্থী।

গোপালগঞ্জ গোল্ডেন টার্চ কম্পিউটারের কম্পিউটার অপারেটর গোবিন্দ সরকার জানান, গত ১৭ ডিসেম্বর থেকে অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি  আবেদন শুরু হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে। অনলাইনে ভর্তির আবেদন করতে অনেক অভিভাবক ও শিক্ষার্থী আমাদের কাছে আসছেন। কিন্তু যাদের বয়স ১১ বছরের কম তাদের অবেদন সফটওয়্যার গ্রহণ করছে না। গত বছর এ ধরনের সমস্যা ছিল না। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষা কর্মকর্তা জানান, ১১ বছর বয়স না হলে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না বলে দুই বছর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়। কিন্তু গত দুই বছর ধরে এটি কার্যকর হয়নি। এ বছর মন্ত্রণালয় এটি কঠোরভাবে কার্যকর করার নির্দেশনা দিয়েছে। তাই যাদের বয়স চলতি বছরের ৩১ ডিসেম্বর ১১ বছর হয়নি তারা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে না।

গোপালগঞ্জ শহরের পুরাতন বাজার রোডের বাসিন্দা পবিত্র সাহা বলেন, আমার মেয়ে প্রজ্ঞা সাহা ২০১১ সালের ১১ মে জন্মগ্রহণ করে। সাড়ে পাঁচ বছর বয়সেই তাকে স্কুলে ভর্তি করি। সে শহরের বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। কিন্তু তার বয়স ১১ বছর হয়নি। তাই ষষ্ঠ শ্রেণিতে তার ভর্তির আবেদন করতে পরছি না। গোপালগঞ্জে পৌরসভার জন্ম নিবন্ধন শাখার জন্ম নিবন্ধন কর্মী তিতাস কুমার বিশ্বাস বলেন, জন্ম নিবন্ধন সংশোধন করতে অভিভাবকরা আমাদের কাছে আসছেন। কিন্তু জন্ম নিবন্ধন সংক্রান্ত সার্ভার আপডেট করছে সংশ্লিষ্ট বিভাগ। ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা এটি আপডেট করবে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে ক্ষুদ্র বার্তা দিয়ে জানানো হয়েছে। তাই ঐ সার্ভারে ঢুকে আমরা জন্ম নিবন্ধন সংশোধন করতে পারছি না। এমনকি নতুন জন্ম নিবন্ধনও ইস্যু করতে পারছি না। ২০২১ সালের ১ জানুয়ারির পর থেকে এটি সংশোধন বা নতুন ইস্যু করা সম্ভব হবে।

গোপালগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রাথমিকে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর ধরা হয়েছে। সে হিসেবে সেখানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছর নির্ধারণ করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ব্যাপারে মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে। কিন্তু বয়স কম থাকায় অধিকাংশ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছে না। বিষয়টি অমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ক্ষেত্রে পরিপত্রের কোনো ব্যত্যয় হবে না বলেও তারা স্পষ্ট করেছে।