তীব্র শীত, কুয়াশা ও হিমেল হাওয়া উপেক্ষা করে সাতকানিয়ায় বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। জানা গেছে, এবার সাতকানিয়ায় ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড-২ হাজার ৩৫০ হেক্টর ও উফশি-৪ হাজার ৩৫০ হেক্টর। নুরুল কবির, শাহাদত হোসেনসহ একাধিক কৃষক জানান, মৌসুমের শুরুতেই বোরো রোপণ করছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি ফলন ভালো পাব। সাতকানিয়া উপজেলার কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, উপজেলায় সবে মাত্র ধান রোপণ শুরু হয়েছে। ধানের বাজার ভালো থাকায় কৃষকরা বোরো চাষে আগ্রহী বেশি।