কুমিল্লার দেবীদ্বারে সন্ত্রাসীদের হামলায় সাইফুল ইসলাম নামে এক আওয়ামী লীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। গত রবিবার দেবীদ্বার উপজেলা সদরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত সাইফুল ইসলাম দেবীদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের চাচাতো ভাই। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন রোশন আলী মাস্টারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল নগরীর একটি রেস্তোরাঁয় সাইফুল ইসলামের মা ফাতেমা বেগম ও তার স্বজনরা সাংবাদিকদের জানান, সাইফুল রবিবার দেবীদ্বার উপজেলা সদরের পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাসায় ফিরছিলেন। এ সময় উপজেলা সদরের পুরান বাজার এলাকার সাদ্দাম হোসেনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তার ওপর সন্ত্রাসী হামলা চালায়।