রাবিতে হল বন্ধ রেখে বিভিন্ন বর্ষের পরীক্ষা ২ জানুয়ারি থেকে শুরু

করোনার কারণে আটকে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের চতুর্থ বর্ষ স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা আগামী বছরের ২ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পরীক্ষা গ্রহণের সুবিধার্থে পূর্বনির্ধারিত ৩ থেকে ৭ জানুয়ারি ২০২১ এর শীতকালীন ছুটি বাতিল এবং পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে আগামী ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসমূহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।