কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে গৌরীপুর উপজেলার বেলতলি এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির তিন জন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত আরো দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদেরও অবস্থা আশঙ্কাজনক। গত রবিবার রাতে গৌরীপুর উপজেলার বেলতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিক নিহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিল।
কালকিনি (মাদারীপুর) : কালকিনিতে মোটর সাইকেল চাপায় মাহিন মাতুব্বর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নে্ওয়ার পথে শিশু মাহিনের মৃত্যু হয়। মাহিন কালকিনি উপজেলার ডাসার এলাকার পূর্ব ডাসার গ্রামের ইউনুস মাতুব্বরের পুত্র।
গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর সরকারি কলেজ ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী সোহাগ মিয়ার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার মৃত্যু হয়। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সরকারপাড়ার মোজাম্মেল হকের পুত্র। গত ১০ ডিসেম্বর রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার পুলিয়ামারি এলাকায় সিএনজি-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি।বাউফল (পটুয়াখালী) : বাউফলে টমটম-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মো. মিজানুর রহমান (৩৫) নিহত হয়েছেন। গতকাল বাউফল-কালাইয়া সড়কের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। টমটমচালক মিজানুর উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : সোনারগাঁওয়ে ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল উপজেলার থানা রোডে চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জানাতুল্লাহ (৬)। এ ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকচালককে গণপিটুনি দেয়। পরে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তা অবরোধ করে ৮-১০টি গাড়ি ভাঙচুর করে। পুলিশ শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।