বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে :কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভা ও অসহায় মানুষের মধ্যে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করতে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে। নানান অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে মূলত বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের এই চেষ্টা হালে পানি পাবে না। তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিএনপির সকল অপকৌশল এখন ভোঁতা হয়ে গেছে। বিএনপি ভোটারদের ওপর আস্থা হারিয়ে এখন প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ                সম্পাদক বলেন, বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে রয়েছে। একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে তারা নিন্দিত, অপরদিকে দলের ভিতরেও রয়েছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ সংকট। বিএনপিসহ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের সকল অপচেষ্টা রুখতে হবে।   

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, পৃথিবীর সকল মুসলিম দেশে ভাস্কর্য আছে। সেই ক্ষেত্রে ভাস্কর্য যদি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হতো তাহলে, ভাস্কর্য সেখানে থাকতো না।   

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি গাজী মেজবাউল হক সাচ্ছু, ম. আব্দুর রাজ্জাক, তানভীর শাকিল জয় এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ।