চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন আরো একজন চিকিত্সকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কোভিড শনাক্তকরণ আরটিপিসিআর ল্যাবের চিকিত্সক ডা. মোহাম্মদ হাসান মুরাদ মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার ভোরে নগরের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

পার্কভিউ হাসপাতালের এমডি ডা. এ টি এম রেজাউল করিম জানান, বেশ কয়েক দিন ধরে তিনি পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল ভোর সাড়ে ৫টায় তিনি মারা যান।

চমেক হাসপাতাল মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম জানান, চমেকের আরটিপিসিআর ল্যাবে দায়িত্বরত ছিলেন ডা. হাসান মুরাদ। এছাড়া তিনি মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ছিলেন।

ডা. মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন চিকিত্সকের মৃত্যু হলো।