বরিশালের ইসলামী ব্যাংক হাসপাতালে ভুল অপারেশনের শিকার মো. মানিক মিয়া গতকাল সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এ ঘটনায় অভিযুক্ত চিকিত্সকের বিচার দাবি করেন। অভিযোগের কথা স্বীকার করে এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। ভুল চিকিত্সার শিকার মো. মানিক মিয়া (৪৪) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে মেকানিক্যাল ফিডার হিসেবে কর্মরত আছেন।
মানিক মিয়া জানান, পুরুষাঙ্গের নিচে সমস্যা নিয়ে গত ২২ নভেম্বর ইসলামী ব্যাংক হাসপাতালে বিশেষজ্ঞ সার্জন ডা. এম এস রহমান সুমনকে দেখান তিনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে ঐ ডা. তার বাম পাশে হার্নিয়ার কথা উল্লেখ করেন। গত ১৭ ডিসেম্বর চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এস রহমান সুমনের তত্ত্বাবধানে ডা. এম এস রহমান সুমন মানিকের হার্নিয়া অপারেশন করেন। পরদিন জ্ঞান ফেরার পর রোগী বুঝতে পারেন তার পুরুষাঙ্গের ডান পাশে অপারেশন করা হয়েছে। অথচ অপারেশন করার কথা ছিল বাম পাশে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা অপারেশন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে নেয়। এ ঘটনায় বিচার চেয়ে গতকাল সোমবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মানিক মিয়া।
এ ব্যাপারে অভিযুক্ত চিকিত্সক ডা. এম এস রহমান সুমনের বক্তব্য পাওয়া যায়নি। তবে রোগীর ভুল অপারেশনের কথা স্বীকার করে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডা. মো. ইশতিয়াক হোসেন বলেন, রোগীকে বিনা খরচে তার বাম পাশের হার্নিয়া অপারেশন করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত চিকিত্সককে ইসলামী ব্যাংক হাসপাতালের অপারেশন কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে বলে তিনি জানান।