ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ইলিয়াস হোসেন (৪৫) ও মোহন মিয়া (৭০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে বাইপাস এলাকা হয়ে আখাউড়া আসার পথে পিছন দিকে থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দিলে ইলিয়াসসহ তার এক বন্ধু ছিটকে পড়ে। পরে আহতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে ইলিয়াস হোসেনের মৃত্যু হয়। তিনি উপজেলার নূপুর গ্রামের বশির চৌধুরীর ছেলে।
এদিকে সন্ধ্যায় আখাউড়া পৌরশহরের রাধানগরে একটি অটোরিকশা মোহন মিয়া নামের এক পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মোহন মিয়া কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোহাগাজী ইউনিয়নের সুলতানপুর গ্রামের নবালক মিয়ার ছেলে।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী জানান, নিহত ইলিয়াস খানের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা অটোরিকশা আটক করে থানায় দিয়েছে।
ইত্তেফাক/এমআর