রাজধানীতে ৯ ডাকাত ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযানে ছয় ডাকাত ও তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, মো. সাইদুল, মো. হাফিজুর ব্যাপারী, জুবায়ের মোল্লা, হানিফ শেখ, মহসিন ব্যাপারী ও ইউসুফ মাতব্বর। ছিনতাইকারীরা হলো, মো. শুভ, মো. হোসেন, মো. সালমান হাসিব। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ডাকাতদল ও ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

র্যাব-২-এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুরের চল্লিশ ফুট রোডে বসিলা গার্ডেন সিটি আবাসিক এলাকায় দেশীয় অস্ত্র-সরঞ্জামাদিসহ একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, রাতের বেলায় তারা এ রকম দুই বা ততোধিক দল একত্র হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে থাকে। এএসপি আরো জানান, একই দিন গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন সাতমসজিদ হাউজিং এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।