১৬ কোটি মানুষের সেবার জন্যই মহান স্রষ্টা শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য , কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ১৬ কোটি মানুষের ভাগ্য উন্নয়ন ও তাদের সেবা দেওয়ার লক্ষ্যে মহান সৃষ্টিকর্তা মৃত্যুর মুখ থেকে বারবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ষড়যন্ত্র করে যারা মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়কে ঠেকাতে পারেনি তারাই বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতাকে হত্যা করেছে।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আজ উন্নয়ন আর অগ্রযাত্রার মহাসড়কে দেশ। এই অগ্রযাত্রা ব্যাহত করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ। স্বাধীনতাবিরোধী অপশক্তির অপতত্পরতা প্রতিরোধ ও প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধা।