পাপিয়া ও তার স্বামীকে দুদকে জিজ্ঞাসাবাদ

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ তাদের জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গতকাল দুপুরে তাদের কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। উল্লেখ্য, গত ৪ আগস্ট দুপুরে শামিমা নূর পাপিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন শাহীন আরা মমতাজ। ঐ মামলায় গত ১৪ ডিসেম্বর আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকাল ছিল রিমান্ডের প্রথম দিন।

দুদক সূত্র জানায়, গতকাল দুপুরে তাদের কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর বিকাল ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়েই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসবাদ শেষে রাতে তাদের রমনা থানা হেফাজতে রাখার কথা রয়েছে। আজ মঙ্গলবার ও কাল বুধবার তাকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুদক সূত্র আরো জানায়, দুদকের দায়ের করা মামলায় পাপিয়ার বিরুদ্ধে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের অনুসন্ধানে পাওয়া পাপিয়ার অবৈধ সম্পদের মধ্যে আছে বিলাসবহুল হোটেল ওয়েস্টিনে বিল হিসাবে জমা দেওয়া সাড়ে ৩ কোটি টাকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে উদ্ধার করা ৬০ লাখ টাকা ও নরসিংদীর একটি বাড়ি। এ অভিযোগ অনুসন্ধানে গত ২০ জুলাই বিশেষ ব্যবস্থায় পাপিয়া ও তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে কাশিমপুর জেলগেটে জিজ্ঞাসাবাদ করে দুদক।