গোল্ডেন মনিরের বিরুদ্ধে মাদক মামলার প্রতিবেদন ১৯ জানুয়ারি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী বছরের ১৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালত নতুন এদিন ধার্য করেন। গতকাল মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক মিয়া তা না পারায় আদালত নতুন দিন ধার্য করেন।

এদিকে গত ১৩ ডিসেম্বর মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালত মাদকদ্যব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গোল্ডেন মনিরের জামিন আবেদন খারিজ করে দেন। এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত জামিন শুনানির জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করেন। ৯ দিনের রিমান্ড শেষে ঐদিন আসামি গোল্ডেন মনিরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। এ সময় গোল্ডেন মনিরের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন।

এদিকে গত ৩ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলামের আদালত অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে দুই মামলার রিমান্ড একইসঙ্গে চলবে বলে জানান বিচারক। এছাড়া ঢাকা মহানগর মো. মামুনুর রশিদের আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মহানগর হাকিম আবু বক্কর ছিদ্দিকের আদালত অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এই রিমান্ড একই সঙ্গে কার্যকর করার নির্দেশ দেন আদালত। একই দিন ঢাকার মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গোল্ডেন মনিরের আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঐদিন সকালে রাজধানীর বাড্ডা থানায় র?্যাব বাদী হয়ে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা দায়ের করে।