যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির ভেতর ৩৯ অভিবাসীর মৃত্যুর ঘটনায় দুইজন দোষী সাব্যস্ত হয়েছেন। তারা হলেন- লরির চালক ইয়ামন হ্যারিসন (২৪) এবং মানবপাচারকারী জিয়র্গে নিকা (৪৩)। হ্যারিসন লরিটিকে বেলজিয়ামের জিব্রাগ বন্দরে পৌঁছে দিয়েছিলেন এবং ৩৯ ভিয়েতনামিকে পাচারের বন্দোবস্ত করেছিলেন নিকা। এর আগে আরও দুইজন এ ঘটনায় দায় স্বীকার করেছিলেন। ২০১৯ সালের অক্টোবরে এসেক্সের একটি শিল্প এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত লরির ভেতর ৩৯ জন অভিবাসীর মরদেহ পাওয়া যায়। মৃতরা সবাই ছিল ভিয়েতনামের নাগরিক। অভিবাসীরা প্রত্যেকে যুক্তরাজ্যে প্রবেশের জন্য পাচারকারীদের ১০ হাজার পাউন্ড করে দিয়েছিলেন। অন্তত ১২ ঘণ্টা লরির ভেতর তীব্র গরমে আটকা ছিলেন তারা। এসময় ভেতরের দমবন্ধ পরিস্থিতি জানানোর আপ্রাণ চেষ্টা করেন অনেকেই। কিন্তু শেষপর্যন্ত শ্বাসরোধ হয়ে মারা যান সবাই। এ ঘটনায় যুক্তরাজ্যের ওল্ড বেইলির একটি আদালতে দুইমাসের শুনানি শেষে নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত হন হ্যারিসন ও নিকা। —বিবিসি