নাভালনির অন্তর্বাসেই রাখা হয়েছিল বিষ

 রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (ফেডারেল সিকিউরিটি সার্ভিস–এফএসবি) এক এজেন্ট জানিয়েছেন যে, পুতিন বিরোধী নেতা  অ্যালেক্সি নাভালনির অন্তর্বাসের মধ্যেই রাখা হয়েছিল বিষ।কৌশলে  এই তথ্য বের করেছে সিএনএন ও অনলাইনভিত্তিক তদন্তকারী দল বেলিংক্যাট। 

জানা গেছে,  পরিচয় গোপন করে ফোনালাপে নাভালনি নিজেই ওই এজেন্টের সঙ্গে কথা বলেছেন। ওই ফোনালাপে নিরাপত্তা সংস্থার টক্সিন দলের ওই সদস্য কোনসতানতিন কুদ্রেইয়াভিস্তেভ বলেছেন, প্রাণঘাতী রাসায়নিক নভিচক নাভালনির অন্তর্বাসে রাখা হয়েছিল। ফোনালাপে কোনসতানতিন কুদ্রেইয়াভিস্তেভ সাইবেরিয়ার টমসক শহরে বিষ প্রয়োগে জড়িত অন্যদের কথাও জানিয়েছেন।

বেলিংক্যাট-সিএনএনের তদন্তে জানা গেছে, এফএসবি টক্সিন দলের ৬ থেকে ১০ জন এজেন্ট ৩ বছরের বেশি সময় ধরে নাভালনিকে অনুসরণ করতেন।  এই দলটিকে শনাক্ত করার পরে সিএনএন ও বেলিংক্যাট তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে। তাদের মধ্যে একজন ছিলেন ওলেগ তায়াকিন। সিএনএনের প্রশ্নের মুখে তিনি উত্তর দেননি।   এরপর কৌশলে কথা বলা হয় কুদ্রেইয়াভস্তিভের সঙ্গে।

  গত আগস্টে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়।  তার সমর্থকদের ধারণা ছিল যে, তমস্ক বিমানবন্দরে নাভালনি চা পানের আগেই তার পানীয়তে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল।অসুস্থ নাভালনিকে নিয়ে তার ফ্লাইট সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণ করে। ওই শহরেরই একটি হাসপাতালে তাকে প্রথম চিকিৎসা দেওয়া হয়েছিল।পরে কোমায় থাকা নাভালনিকে চিকিৎসার জন্য বার্লিনে নেওয়া হয়।সেখানেই সুস্থ হয়ে উঠেন নাভালনি।

 গত সপ্তাহে পুতিন বলেন, এফএসবি এজেন্টরা নাভালনির পিছু নিয়েছিলেন। তবে তিনি এও বলেন, রাশিয়া যদি নাভালনির মৃত্যু চাইত, তাহলে তাকে শেষ করে দিত।

ইত্তেফাক/এআর