এবার করোনা আক্রান্ত অভিনেতা কাদের

ক্যান্সার আক্রান্ত অভিনেতা আব্দুল কাদেরের শরীরে এবার আরো একটি রোগ যুক্ত হলো। গত ২০ ডিসেম্বর তাকে ভারতের চেন্নাই থেকে ফিরে নিয়ে এসে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করা হলে গতকাল তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের মেডিকেল অনকোলজিস্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে রয়েছেন। উল্লেখ্য, আব্দুল কাদেরের সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এখন দেশ থেকেই ভারতের চিকিত্সকদের সঙ্গে যোগাযোগ করে তার চিকিত্সা চলবে বলে জানিয়েছে এই অভিনেতার পরিবার।