বিবিসি
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ভবিষ্যতে দেশ জুড়ে যেসব ভবন নির্মাণ করবে সেগুলো যেন অবশ্যই ‘সুন্দর’ হয় তা নিশ্চিত করতে আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবনগুলো নির্মাণের ক্ষেত্রে তিনি গ্রিক, রোমান বা এ ধরনের ধ্রুপদী স্থাপত্যশৈলীকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন।
ট্রাম্পের এই নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এখনকার অনেক ফেডারেল ভবনের মধ্যেই গত শতকের ‘পাশবিক’ স্থাপত্যশৈলীর প্রতিফলন রয়েছে। নতুন ভবনগুলো হোয়াইট হাউজের মতো যুক্তরাষ্ট্রের ‘অতি প্রিয়’ স্থাপনাগুলোর মতো হওয়া উচিত বলেও এতে মন্তব্য করা হয়েছে। সনাতনপন্থিরা নতুন এ আদেশকে স্বাগত জানালেও অনেকে ট্রাম্পের এ পদক্ষেপে অসন্তোষও জানিয়েছেন। আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস জানিয়েছে, তারা ‘দ্ব্যর্থহীনভাবে’ এ উদ্যোগের বিরোধিতা করছে। ‘প্রোমোটিং বিউটিফুল ফেডারেল সিভিক আর্কিটেক্ট’ নামের এই আদেশ নতুন একটি পরিষদ সৃষ্টি করবে, যা ভবিষ্যত্ ফেডারেল ভবনগুলো নিয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারবে।
নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়া ট্রাম্পের এ নির্বাহী আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ডিসিতে যে সরকারি ভবনগুলো নির্মিত হয়েছে, সেগুলোতে ‘আধুনিক ও ধ্রুপদী স্থাপত্যের একটি বিচ্ছিরি সংমিশ্রণ’ দেখা যাচ্ছে, কিছু ব্যতিক্রম বাদ দিলে সরকার ‘মূলত সুন্দর ভবন বানানো বন্ধ করে দিয়েছে’। আদেশে বলা হয়েছে, ‘ধ্রুপদী ও চিরায়ত স্থাপত্যশৈলীর ব্যবহারকে নিরুত্সাহিত না করে উত্সাহিত করা উচিত।’ ট্রাম্পের এ নির্বাহী আদেশের একটি খসড়া ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশিত হয়।