দিনাজপুরের তিন পৌরসভার নির্বাচন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য দিনাজপুর জেলার তিনটি পৌরসভার নির্বাচনের তিনটিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আর বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন শুধু বিরামপুর পৌরসভায়। ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের এই পৌর নির্বাচনে গত রবিবার দিনাজপুর জেলার দিনাজপুর পৌরসভা, বীরগঞ্জ পৌরসভা ও বিরামপুর পৌরসভার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
দিনাজপুর পৌরসভা
দিনাজপুর পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীসহ সাত জন মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৭০ এবং সংরক্ষিত মহিলা আসনে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপার সহসভাপতি আহমেদ শফি রুবেল, ইসলামী আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান, সিপিবির অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তহিদুল হক সরকার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী আশরাফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের চারটি পদে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. শাহীনুর ইসলাম প্রামাণিক ও সদর উপজেলা নির্বাচন অফিসার মো. জায়েদ আবুল ফজলের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
বীরগঞ্জ পৌরসভা
বীরগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ জন এবং কাউন্সিলর পদে ৪১, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর এবং বিদ্রোহী হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, বিএনপি মনোনীত পৌর যুবদলের সদস্যসচিব মোকারম হোসেন পলাশ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা সাবেক মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বীরগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলম মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলরের ৯টি ওয়ার্ডে ৪১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিন করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার মো. নূর-ই-আলম নিশ্চিত করেছেন।
বিরামপুর পৌরসভা
বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মোট ছয় জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান অধ্যাপক আক্কাস আলী, বর্তমান মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহিম, বিএনপি থেকে হুমায়ুন কবির, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে পুরুষ ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা সামসুল আযম এসব মনোনয়নপত্র গ্রহণ করেন।