কুষ্টিয়ার মিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি ও মিরপুর সংবাদদাতা কুষ্টিয়ার মিরপুরের আমবাড়ীয়া ইউনিয়নের হালসা দরগাতলা মাঠ থেকে সোমবার রাতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ছলেমান হোসেন (২৫)। সে উপজেলার হালসা গ্রামের বাসিন্দা। স্থানীয় ওয়ার্ড সদস্য আবদুল হামিদ জানান, ছলেমান কৃষি কাজ করত। মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো পুলিশ জানাতে পারেনি। ঘটনায় জড়িতদের আটকের পর হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যাবে বলে ওসি জানান।
বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে মঙ্গলবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মালেক উদ্দিন (৪৭)। উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল মালেক ঐ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মাস্ক ও লিফলেট বিতরণ
মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরায় কোস্ট ট্রাস্ট (সিজেআরএফ) প্রকল্পের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামীম মিঞা। মঙ্গলবার উপজেলার হাজীরহাট বাজারে এসব মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
ছাত্রীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের উদ্বোধন
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ছাত্রীদের আত্মরক্ষার কৌশলবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ১০০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. মারুফুল আলম।
প্রাথমিক বিদ্যালয়ে নব-যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা রামগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার উপজেলাব্যাপী নব-যোগদানকৃত ১০৩ জন শিক্ষককে বরণ করে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইউনুছ বেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।
তিতাস উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাস উপজেলা প্রেসক্লাবের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলার কড়িকান্দি বাজারে অস্থায়ী কার্যালয়ে সোমবার নাজমুল করিম ফারুক (দৈনিক ইত্তেফাক) সভাপতি, মো. মহসিন হাবীব (দৈনিক যুগান্তর) সাধারণ সম্পাদক ও জহিরুল ইসলাম পাশাকে (৭১ টিভি) সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
মুজিববর্ষ উপলক্ষ্যে যুবদের ভূমিকা শীর্ষক কর্মশালা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে মুজিববর্ষ উপলক্ষ্যে সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান।
বশেমুরবিপ্রবিতে লেকচারার ফোরামের আহ্বায়ক কমিটি গঠন
বশেমুরবিপ্রবি সংবাদদাতা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) লেকচারার ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অর্থনীতি বিভাগের প্রভাষক রকিবুল হাসানের সভাপতিত্বে লেকচারারদের নিয়ে এক বৈঠক হয়। বৈঠক শেষে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
০