শেয়ারবাজার

সূচক লেনদেন উভয়ই কমেছে

ইত্তেফাক রিপোর্ট

টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। মূল্যসূচকের পাশাপাশি দুই বাজারেই অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন কমেছে। সেই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ।

গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৯৮ পয়েন্টে নেমে গেছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৮১২ পয়েন্টে উঠে এসেছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট মূল্যবৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৮৫টি এবং ৮৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারটিতে লেনদেন হয়েছে ৯৭৫ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৩৭ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৬১ কোটি ৮৩ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৫৮ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩২ কোটি ২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রূপালি ইনসিওরেন্স।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—লাফার্জহোলসিম, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবলস, আইএফআইসি ব্যাংক, রিপাবলিক ইনসিওরেন্স এবং পাইওনিয়ার ইনসিওরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৮৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৮৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৬টির এবং ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে।