ইত্তেফাক রিপোর্ট
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ইসলামি বন্ড সুকুক ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক। এ জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) এবং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগের মধ্যে গতকাল চুক্তি স্বাক্ষর হয়েছে। অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অধীনে গঠিত এসপিভি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সুকুক ইস্যু করবে। শরিয়াহভিত্তিক নিরাপদ বিনিয়োগের মাধ্যম ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য সরকারের পক্ষ থেকে শরিয়াহভিত্তিক বন্ড ইস্যু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই খাতের অর্থ সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে। এ লক্ষ্যে বিগত ৮ অক্টোবর সুকুক ইস্যু ও ব্যবস্থাপনা সম্পর্কিত গাইডলাইন অনুমোদিত হয়েছে। উক্ত গাইলাইনের অনুচ্ছেদ চার অনুযায়ী সরকার কর্তৃক বাংলাদেশ ব্যাংককে স্পেশাল পারপাস ভেহিকল বা এসপিভি এবং ট্রাস্টি হিসেবে ১৯ অক্টোবর ২০২০ তারিখে নিয়োগ দেওয়া হয়েছে। অনুমোদিত গাইডলাইন অনুযায়ী স্পেশাল পারপাস ভেহিকল বা এসপিভি শরিয়াহ নীতিমালা অনুসরণপূর্বক সুকুক ইস্যুর লক্ষ্যে অর্থ বিভাগের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাব শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির মতামত অথবা পরামর্শ গ্রহণপূর্বক প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করবে।