ফসিল ফুয়েলের ওপর নির্ভরতা কমানোর উপায় খুঁজতে হবে

ঢাকা চেম্বারের ওয়েবিনার

ইত্তেফাক রিপোর্ট

শিল্প খাতে পরিবেশবান্ধব, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা প্রবর্তনে আগ্রহী বাংলাদেশি ব্যাবসায়িক প্রতিষ্ঠানের প্রকল্পসমূহে অর্থায়নে আগ্রহী প্রাইভেট ফিন্যান্সিং অ্যাডভাইজরি নেটওয়ার্ক (পিএফএএন)। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং পিএফএএন যৌথভাবে আয়েজিত ‘পরিবেশ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক ওয়েবিনার এ আগ্রহের কথা ব্যক্ত করে। ওয়েবিনারের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এন কে এ মবিন এফসিএ, এফসিএস বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে দেশের বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, তবে জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় বেসকারি খাতকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি শিল্প খাতে জ্বালানির জন্য ফসিল ফুয়েল ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানির অন্যান্য উত্স খুঁজে বের করার আহ্বান জানান।  প্রাইভেট ফিন্যান্সিং অ্যাডভাইজরি নেটওয়ার্ক (পিএফএএন)-এর এশিয়া অঞ্চলের প্রধান ড. পিটার ডু পন্ট বলেন, উন্নয়নশীল দেশগুলোতে কার্বন গ্যাসের স্বল্প নিঃসরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগ্রহী উদ্যোক্তাদের ব্যাবসায়িক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা প্রদানে প্রাইভেট ফিন্যান্সিং অ্যাডভাইজরি নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে। তিনি জানান, প্রতিষ্ঠানটি ২০০৮ সাল হতে এ পর্যন্ত এ ধরনের ৬৭৫টি প্রকল্পে ১৮০ কোটি ডলার (১৫ হাজার ৩০০ কোটি টাকা) অর্থায়ন করেছে এবং ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত এশিয়া অঞ্চলে আরো ৯৪টি প্রকল্পে অর্থায়নের কার্যক্রম চলমান রয়েছে। পিএফএএন-এর থাইল্যান্ডভিত্তিক উপদেষ্টা জেমোন টোন হোনসিরি বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সক্ষমতা বৃদ্ধি, পর্যটন, স্বাস্থ্য এবং কৃষি খাতে থাইল্যান্ডের বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে।