দেশ এখন ধর্মীয় আবরণের রাজনৈতিক ভাইরাসে আক্রান্ত :আমু

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, দেশ আজ ধর্মীয় আবরণের রাজনৈতিক ভাইরাসে আক্রান্ত। রাজনৈতিক আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে ধর্মীয় আবরণে রাজনৈতিক ভাইরাস ছড়ানোর অপচেষ্টা স্বাধীনতা বিরোধী অপশক্তির পুরোনো অভ্যাস। মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, সব প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শিক পথে উন্নয়ন আর অগ্রযাত্রার পথে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন,  বাংলাদেশে সাম্প্রদায়িক ও মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, চিহ্নিত রাজনৈতিক মোল্লাসহ দেশে বিরোধী ষড়যন্ত্রে ভাড়াটে খেলোয়াড়দের কোনো ছাড় নয়, কঠিন জবাব দিতে হবে। জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, ষড়যন্ত্র স্বাধীনতার আগেও ছিল, পরেও ছিল, এখনো চলছে। তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম প্রমুখ।