আড়াইহাজারের মেঘনায় ডুবে মাঝি নিখোঁজ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে মেঘনা নদীতে ডুবে নিখোঁজ হওয়া আবু হানিফা (৬০) নামের এক মাঝির সন্ধান মিলেনি। নিখোঁজ আবু হানিফা মাধবদী থানার চর ভাসানিয়া গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে। খাগকান্দার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল হাকিম আজাদ জানান, সোমবার সকালে হানিফার নৌকা ভাড়া নিয়ে দুই ব্যক্তি বিশনন্দী এলাকার মেঘনায় মাছ ধরতে যায়। কিছুক্ষণ পরই একটি ট্রলার তাদের নৌকাটিকে ধাক্কা দিলে হানিফা নদীতে পড়ে যান। প্রথমে নৌকার আরোহীরা তাকে খুঁজে না পেয়ে গতকাল ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা দিনভর চেষ্টা চালিয়েও নিখোঁজ হানিফার সন্ধান পায়নি। তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাহান জানান, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।