দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা
দৌলতপুর উপজেলা সদরে প্রশাসনের অনুমতি না নিয়ে গোপনে ইউনিয়ন পরিষদের গাছ বিক্রি করে ফেঁসে গেলেন চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। সোমবার বিকালে তার বিক্রি করা গাছটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা এলাকার একটি স মিল থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, উপজেলার চরমিরপুর ইউনিয়নের পরিষদ চত্বরে বজ্রপাতে অর্ধমৃত একটি সেগুনগাছ ছিল। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম নিয়মনীতির তোয়াক্কা না করে লিখিত বা মৌখিক অনুুমতি না নিয়েই গত ৯ ডিসেম্বর গাছটি বিক্রি করেন।
পরে ২০ ঘনফুট গাছ উদ্ধার করা হয়। এ ব্যাপারে দৌলতপুর উপজেলা বন কর্মকর্তা মহসিন হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, দুই বছর আগে পরিষদের সামনে বজ্রপাতে একটি সেগুনগাছ মরে যায়। পরে উপজেলা বন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অনুমতি নিয়ে গাছটি কাটা হয় এবং ৮০ হাজার টাকা মূল্যে গাছটি বিক্রি করা হয়। তবে সব টাকা হাতে না পাওয়ায় সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হয়নি। মামলা প্রসঙ্গে তিনি বলেন, তার প্রতিপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। দৌলতপুর থানার ওসি রেজাউল করিম জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।