কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে শতাধিক দোকান। এ কারণে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না পথচারীরা। সরেজমিনে দেখা যায়, চন্দ্রাস্থ রসুলপুর রোডের এক প্রান্ত থেকে শুরু করে প্রায় ৪০০ মিটার ফুটপাত ও সড়ক বেদখল হয়ে গেছে। সেখানে বসেছে শতাধিক ফল, কাপড়, জুতা, চা-পান, সবজি ও মাছের দোকন।পাঁচ ফুট চওড়া ফুটপাত এত সরু হয়ে গেছে যে হেঁটে চলাও দায়। এমনকি রোড ডিভাইডারেও রাখা হয়েছে ফলের ঝুড়ি, সবজির বস্তা। ফলে ঝুঁকি নিয়ে পথচারীদের চলতে হচ্ছে। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে একশ্রেণির দুর্বৃত্ত ঐসব অবৈধ দোকান মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। সাউথ এশিয়ান রোড কানেক্টিভিটি সাচেকের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, মহাসড়কের দখল করা ঐসব অবৈধ দোকান উচ্ছেদে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।