স্পোর্টস রিপোর্টার
ফুটবলের সাম্প্রতিক বিচারে মোহামেডান পিছিয়ে থাকলেও এখন নতুন করে গড়ে ওঠার চেষ্টা করছে। অনেক ক্লাবেই এখন জিম নেই, ফিজিও রুম নেই। মতিঝিলস্থ মোহামেডান টেন্টে এই দুটি রুমের মধ্যে গড়ে তুলেছে জিম এবং ফিজিও রুম। খেলোয়াড়দের শারীরিকভাবে শক্তিশালী ও ইনজুরি কাটাতে জরুরি দুটি নিজস্ব ব্যবস্থা রেখেছে। ফেডারেশন কাপ ফুটবলে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান খেলবে আবাহনীর বিপক্ষে।
গতকাল বিকালে স্বাধীনবাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, হাসানুজ্জামান খান বাবলু, কায়সার হামিদ, সাব্বির, কানন, জোসি, ফুটবল ম্যানেজার নকিব, রিয়াজ, আবু হাসান চৌধুরি প্রিন্স, সাজেদ আদেল, ফজলুর রহমান বাবুরা মিলে জিম এবং ফিজিও রুমের উদ্বোধন করেন। লালসবুজ বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। এই অনুষ্ঠানে ব্যাকড্রপ তৈরি করে সেখানে ঝোলানো নতুন মৌসুমের জন্য মোহামেডানের দুটি জার্সি স্পন্সর এবং লোগো উন্মোচন করা হয়। একটি সাদাকালো অন্যটি সবুজ রঙয়ের। ওরিয়ন গ্রুপ মোহামেডানের জার্সি স্পন্সর করেছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিনিধি ফরহাদ হোসেন ছিলেন। জার্সি উন্মোচনের পর ঘোষণা দেওয়া হয় দলের জাপানি ফরোয়ার্ড উরু নাগাতা অধিনায়ক এবং তাকে আর্মব্যন্ড পরিয়ে দেওয়া হয়। নাগাতা তিন বছর ধরে মোহামেডানে রয়েছেন।