খোলা ট্রাকে মাটি, বালু পরিবহন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশাল একটা অংশ কুমিল্লা। আমদানি-রপ্তানির সিংহভাগ চট্টগ্রাম বন্দর দিয়ে হওয়ায় মহাসড়কটির গুরুত্ব বেশি। সারা দেশ ছাড়াও বিদেশ থেকে আসা পর্যটকরা প্রতিদিনই দর্শনীয় স্থানে যাচ্ছেন এই সড়কেই। ব্যস্ততম এই মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার পথে প্রতিদিন শত শত ডাম্প ট্রাক, ট্রাক, ট্রাক্টরে করে বালু ও মাটি বহন করা হচ্ছে। এতে বায়ুদূষণসহ ঢাকনা বিহীন গাড়িগুলো থেকে মহাসড়কে বালু, মাটি পড়ে বিবর্ণ হচ্ছে মাইলের পর মাইল। কুয়াশা আর সামান্য বৃষ্টিতে মহাসড়কে জমে থাকা মাটি পিচ্ছিল হয়ে দ্রুতগতির যানবাহন দুর্ঘটনায়ও পড়ছে। খোলা ট্রাকে বালু, মাটি পরিবহনের কারণে বায়ুদূষণ বাড়লেও এটা নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেই। গাড়িগুলো ঢেকে বালু, মাটি পরিবহনের নিয়ম থাকলেও সেটা কেন মানা হচ্ছে না বোধগম্য নয়। এদিকে বায়ুদূষণে যাত্রীদের শ্বাসকষ্ট যেমন বাড়ছে, তেমনি অপরিচ্ছন্ন হচ্ছে মাইলের পর মাইল। এ অবস্থায়, ঢাকনা বিহীন বালু, মাটি পরিবহন বন্ধ ও মহাসড়কের ওপর মাটি, বালু ফেলা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০