অনেকেই চতুর্থ বর্ষে দীর্ঘ দুই বছর ধরে আটকে আছে; করোনা এই সময়টা আরো দীর্ঘায়িত করছে শুধু। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার অনুমোদন দিলেও অধিকাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসতে পারেননি। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা হতাশায় দিন পার করছে। যদি দেশে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন জনগণের শ্রেণিবিভাগ করা হয়, তবে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা ওপরের দিকেই স্থান পাবে। স্বাস্থ্যবিধি মেনে অসমাপ্ত পরীক্ষাগুলো নিলে এর তেমন কোনো খারাপ প্রভাব পড়বে না বলে ধরে নেওয়া যায়। কাজেই সময় যত ক্ষেপণ হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট আরো ভয়াবহ আকার ধারণ করবে। স্বাস্থ্যবিধি মেনে অসমাপ্ত পরীক্ষাগুলো নেওয়া হলে অনেক শিক্ষার্থী ও তাদের পরিবার হতাশা থেকে মুক্তি পাবে। মাননীয় শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয়সমূহের সম্মানিত কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর অবস্থা বিবেচনা করে অসমাপ্ত পরীক্ষাগুলো নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন—তাহলে শিক্ষার্থীদের মূল্যবান সময় রক্ষা পাবে।
শেখ মোহাম্মদ রায়হান
মার্কেটিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়