সুবর্ণজয়ন্তী উদ্যাপনে ২৫ কমিটি

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না----- ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিদিন সীমান্তে মানুষ মারছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। দেশের বিচার ব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে স্বাধীনতার চেতনাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সরকার। বিশিষ্ট নাগরিকরাও দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গতকাল মঙ্গলবার দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফখরুল ইসলাম বলেন, বৈশ্বিক উন্নয়ন সংস্থা ইউএনডিপির তথ্য মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। কিন্তু সরকার বলছে, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোলমডেল। জোর করে ক্ষমতায় টিকে থাকতে উন্নয়নের নামে দেশের মানুষকে বিভ্রান্ত করছে সরকার। গণতান্ত্রিক সরকার না থাকলে কোনো কিছুই সফল হয় না বলেও মন্তব্য করেন ফখরুল। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল সালাম উপস্থিত ছিলেন।

সুবর্ণজয়ন্তী উদ্যাপনে ২৫ কমিটি

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বছর জুড়ে দেশব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ জন্য দলটি ২৫টি কমিটি গঠন করেছে। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কমিটিতে থাকা নেতাদের নাম ঘোষণা করেন। এর মধ্যে বিষয় ভিত্তিক কমিটি ১৫টি, বিভাগীয় সমন্বয় কমিটি ১০টি।

কমিটি ঘোষণার আগে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের দল হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে তাদের দায়িত্ব বেশি। সুবর্ণজয়ন্তী উদ্যাপনে পর্যায়ক্রমে বহির্বিশ্বেও কমিটি গঠন করা হবে। আইনের শাসন ও মানবাধিকার কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে।