দুই দিনের এক সফরে ঢাকায় এসে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রন্ত্রী মেভলুত চাভুসুগ্লু। গতকাল মঙ্গলবার রাতে তিনি ইন্দোনেশিয়া থেকে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সফরকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের প্রতি বিশেষ জোর দেবেন। আজ বুধবার তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সূত্র জানিয়েছে। বৈঠকে বাণিজ্য, কোভিড-১৯, রোহিঙ্গা, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া তুরস্কের আর্থিক সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় জমি বরাদ্দের জন্য তুরস্কের প্রেসিডেন্টের প্রস্তাব নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। দুই মন্ত্রী যৌথভাবে ঢাকায় নবনির্মিত তুর্কি দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন।