অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেল প্রবাসীর গ্রেফতার ২

হকার সেজে টার্গেট করা হয় যাত্রীদের। চেতনানাশক মেশানো খাবার খাইয়ে অজ্ঞান করে হাতিয়ে নেওয়া হয় সর্বস্ব। রাজধানীর বাসে অজ্ঞান পার্টির হাতে এভাবে প্রাণ যায় প্রবাসী আবুল হোসেন গাজীর। অজ্ঞান পার্টির দুজনকে গ্রেফতারের পর সংঘবদ্ধ এমন অপরাধের কথা জানিয়েছে পিবিআই। তারা হলেন—মো. জাকির হোসেন ও মো. জিয়া।

গত সোমবার বরিশাল, ঝালকাঠি ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহত আবুল হোসেন গাজীর ব্যবহূত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

গতকাল দুপুরে রাজধানীর বনশ্রীতে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা মেট্রোর (দক্ষিণ) অতিরিক্ত এসপি মো. সারোয়ার জাহান বলেন, গত ২৯ নভেম্বর মুগদা এলাকায় থাকা মায়ের সঙ্গে দেখা করতে মিরপুর থেকে ট্রান্সসিলভা পরিবহনে উঠেন বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা প্রবাসী আবুল হোসেন গাজী। চলন্ত বাসেই হকারের কাছ থেকে জুস কিনে খান। বুঝতেই পারেননি, জুসেই মেশানো ছিল অজ্ঞান পার্টির মেশানো ঘুমের ওষুধ।

পরে মোবাইল ফোনসহ তার সর্বস্ব লুট করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার বাগান বাড়ি থেকে আবুল হোসেন গাজীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে মোসা. জেসমিন আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।