দেশবিরোধী ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে —মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মহান বিজয়ের মাসেও তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট, ঢাকা।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। স্বাধীনতাবিরোধী ও দোসরদের আশ্রয়স্থল। আয়োজক সংগঠনের সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুর রাজ্জাকের জ্যেষ্ঠপুত্র নাহিম রাজ্জাক এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণ সভাপতি আবু আহমেদ মন্নাফী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর কামাল উদ্দিন আহমদ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমুখ।