মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কয়েকজন শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা বিকৃত করে ফটোসেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে রংপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ এ সংক্রান্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, জাতীয় পতাকা বিকৃতির ঘটনায় রংপুর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী মঙ্গলবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে জাতীয় পতাকা বিকৃতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় যেহেতু স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সে কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশসহ তদন্ত প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে পাঠানো হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
গত বৃহস্পতিবার গঠন করা ওই কমিটির অন্য সদস্যগণ হলেন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু এবং মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জিন্নাহ আল মামুন।
এদিকে, পতাকা অবমাননার ঘটনার ৫দিন পর ব্যাপক সমালোচনার মুখে ঢাকাস্থ লিঁয়াজো অফিসে সিন্ডিকেটের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এতে বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর নাজমুল ইসলামকে আহ্বায়ক, প্রক্টর আতিউর রহমানকে সদস্য সচিব এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সুচিতা সুচিত্রা শারমিনকে সদস্য করা হয়েছে।
আরো পড়ুন: বাংলাদেশ ও ভারত রক্তের রাখিবন্ধনে আবদ্ধ: ওবায়দুল কাদের
এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক জাতীয় পতাকাকে ‘ব্যানার’ আখ্যা দিয়ে প্রকৃত ঘটনার অপব্যাখ্যা করে জাতীয় পতাকা অবমাননার বিষয়টি ভিন্নখাতে প্রবাহের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং তদন্তের নামে প্রহসনমূলক তদন্ত কমিটি প্রত্যাখান করেছে ‘অধিকার সুরক্ষা পরিষদ’ নামে শিক্ষকদের একটি সংগঠন। বুধবার সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মতিউর রহমান ও সদস্য সচিব খায়রুল কবির সুমন স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি প্রত্যাখান করেছে ‘অধিকার সুরক্ষা পরিষদ’। একইসাথে পতাকা অবমাননার ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন ‘অধিকার সুরক্ষা পরিষদ’-এর নেতৃতৃন্দ।
প্রসঙ্গত, বিজয় দিবসের দিনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক একটি বিকৃত জাতীয় পতাকার সামনে নিয়ে ফটোসেশন করে ফেসবুকে দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল থেকে দোষীদের শাস্তির দাবিতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে রংপুর মহানগর আওয়ামী লীগ, বেরোবি ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ-সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন হচ্ছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও একজন সাবেক ছাত্রলীগ নেতা তাজহাট থানায় পৃথক দুটি এজাহার করেছেন।
ইত্তেফাক/এএএম