বিজয় দিবসের দুই ওভিসি প্রশংসিত

 

সম্প্রতি আলোচিত হয়েছে ভিন্ন বিষয়বস্তু নিয়ে নির্মিত দুটি ওভিসি। ‘জানি বুঝি রাখি মান, পতাকার সম্মান’ স্লোগান নিয়ে নির্মাতা রনি ভৌমিক বানিয়েছেন একটি। ‘স্বাধীন দেশে নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ’ বিষয়ক অন্যটি নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক।

ত্রিশ লাখ শহীদের আত্মদান ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল-সবুজের পতাকা। এই পতাকা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। পতাকা তৈরি ও ব্যবহারের সঠিক ও সুনির্দিষ্ট নিয়ম মেনে জাতীয় পতাকাকে যথাযথ মর্যাদা দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে এর গল্পে। এই গল্পটিকে আলাদা গুরুত্ব দেয়া যায়। এখন প্রায় সকলেই আমাদের পতাকার রঙ, সাইজ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য অবহেলা করে থাকে। এতে মহান পতাকার অমর্যাদা হয়। এ বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এই ওভিসি নির্মাণে এগিয়ে এসেছে অলিম্পিক ইন্ড্রাস্টিজ লিমিটেড। চারদিকে পতাকা নিয়ে যে ধরনের উদাসীনতা দেখা যাচ্ছে, এই সময়ে এই নিয়ে কথা তোলা ছিল খুবই জরুরি। ওভিসির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। অন্যদিকে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড উপস্থাপন করেছে স্বাধীন দেশে নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। আমাদের স্বাধীন দেশে আজও ঘুরে বেড়ায় মানুষরূপী পিশাচের দল। তাদের আগ্রাসনে নিত্য ধর্ষণ কিংবা হয়রানির শিকার হচ্ছে হাজারো নারী। আর কতদিন তাদের হিংস্র হাত লাঞ্ছিত করবে দেশমাতাকে? কবে মিলবে মুক্তি, আসবে আরেক বিজয়?—সেই সুদিনের হাতছানি রয়েছে এই ওভিসিতে। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জয়িতা মহালনবীশ। ওভিসি দুটির ক্রিয়েটিভ এজেন্সি প্যাপিরাস কমিউনিকেশন্স লিমিটেড।