ই ম রু ল নূ র
সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৫তম আসরে নবাগতদের মধ্যে শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে শ্রেষ্ঠত্বর স্বীকৃতি লাভ করেছেন ২০১৭ সালের ‘ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ’ ফিনালিস্ট কানিজ খাদিজা তিন্নি। গত বছর প্রকাশিত দেশাত্ববোধক গান ‘শরত্ আমার স্নিগ্ধতা’ গানটির জন্য তিনি এ সম্মাননা পান। গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ।
শ্রেষ্ঠত্বর স্বীকৃতি প্রাপ্তি প্রসঙ্গে তিন্নি বলেন, ‘সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া, সেইসঙ্গে আমার বাবা-মায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা গানের প্রতি আমার আগ্রহ দেখে প্রতি মুহূর্তে সাপোর্ট করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। এই সম্মাননা প্রাপ্তির মধ্য দিয়ে তাদেরকে কিছুটা সময়ের জন্য হলেও আনন্দ দিতে পেরেছি, এটাই অনেক শান্তির। তারা অনেক বেশি খুশি হয়েছেন আমার এই প্রাপ্তিতে। গানটির সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ আমার পরম শ্রদ্ধার শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামকে, যিনি সবসময়ই আমাকে অনুপ্রেরণা দেন। আমি আমার অর্জনটুকু আমার বাবা-মা ও শুভাকাঙ্ক্ষীদের উত্সর্গ করছি। শ্রোতা-দর্শকদের ভালোবাসায় এভাবেই বেঁচে থাকতে চাই।’
গানেই তার মুগ্ধতা, প্রাণ। বাবা-মা সংস্কৃতিমনা ছিলেন বলেই নিজেকে ছোটবেলা থেকে গানের সঙ্গে জড়াতে পেরেছেন তিন্নি। অল্প সময়েই শ্রোতাদের কাছে পরিচিত পেয়েছেন মিষ্টি কণ্ঠের এই গায়িকা। স্বপ্ন দেখেন অনেক বড় হওয়ার, শ্রোতাদের মনে আজীবন ঠাঁই করে নেওয়ার।
এরইমধ্যে প্রকাশ পেয়েছে তার তিনটি মৌলিক গান।