ভারতের গোলাবর্ষণে বেসামরিক নাগরিক নিহতের দাবি পাকিস্তানের

ভারতের গোলাবর্ষণে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের এক বেসামরিক নাগরিক নিহত ও অপর তিন জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার তত্ত পানি এবং জানদ্রোত এলাকায় গোলাবর্ষণে আহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধের দুটি হয়েছে কাশ্মীর ইস্যুতে। দুই দেশই পুরো অঞ্চলটি নিজেদের বলে দাবি করে কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে অংশ বিশেষে। সম্প্রতি কাশ্মীর সীমান্তে উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখার তত্ত পানি ও জানদ্রোত সেক্টরে বেসামরিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে ভারত মর্টার ও ভারী গোলাবর্ষণ করেছে। এতে ৫০ বছরের এক নারী নিহত হন।

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সফরের কয়েক ঘণ্টা আগে গোলাবর্ষণ করা হয় বলে দাবি করেছে পাকিস্তান।