সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাইয়ে কাউন্সিলর পদে সাত জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল কবির এসব মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণখেলাপিসহ বিভিন্ন কারণে বাতিল করেন। যেসব কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন— সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাহিন হোসেন, নূরুল আমিন ও মোহাম্মদ লিটন (বয়স কম হওয়ায়), ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আখতার হোসেন ফেকু, ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহিন আকতার, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সরদার এবং ১৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তারিক আজিজ। আগামী ১৬ জানুয়ারি সৈয়দপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১ জানুয়ারি।