ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকার আনসিকিউরড, নন-ককভার্টঅ্যাবল, ফ্লোটিং রেট, সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার বিএসইসির ৭৫৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইনসিওরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ট্রাস্ট ব্যাংকের অ্যাডিশনাল টায়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এ বন্ডের ট্রাস্টি হিসেবে গ্রীণ ডেল্টা ইনসিওরেন্স এবং ম্যান্ডেড লিড অ্যারেঞ্জার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে।