শীর্ষেই থাকছে অ্যাটলেটিকো জুভেন্তাসের প্রথম হার

স্পোর্টস ডেস্ক

লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সিরি আতে ফিওরেন্তিনার বিপক্ষে ঘরের মাঠে ০-৩ গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস। আর ইংলিশ লিগ কাপে আর্সেনালকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ এবং বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচ হারলে পয়েন্ট সমান হয়ে যেত রিয়াল, অ্যাটলেটিকো ও সোসিয়েদাদের। শিরোপার লড়াইটাও জমে উঠত। তবে রিয়াল-বার্সা ভক্তদের নিরাশ করে আনোইতা স্টেডিয়ামে সোসিয়াদের বিপক্ষে সহজ জয় তুলে নিল ডিয়েগো সিমিওনের শিষ্যরা। এই নিয়ে লিগে ১৩ ম্যাচের মধ্যে ৯টিতেই ক্লিনশিট রেখেছে ইয়ান ওবলাকরা। ওদিকে সিরি আতে মৌসুমের প্রথম পরাজয়ের মুখ দেখল জুভেন্তাস। আলিয়াঞ্জ এরিনায় ০-৩ গোলের এই পরাজয়ে টেবিলে শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে জুভেন্তাসের পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ৭-এ। এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে ৪-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার সিটি। ঘরোয়া প্রতিযোগিতাগুলোয় এ নিয়ে টানা ৮ ম্যাচ ধরে জয়হীন মিকেল আরতেতার আর্সেনাল।