জিআর বা সাধারণ ত্রাণের নীতিমালা সংশোধনের সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের মতামত নিয়ে কাজ করার সুপারিশ করা হয়। বৈঠকে শরণার্থীবিষয়ক কর্মসূচি, শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসনবিষয়ক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
এদিকে রেলওয়ের বিভিন্ন প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে বিদেশি কোম্পানি বা ব্যক্তিকে নিরুত্সাহিত করার সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে দেশীয় অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য কোম্পানি বা ব্যক্তি বাছাইকে উত্সাহিতকরণের সুপারিশ করা হয়েছে।