পারিবারিক কলহের জেরে আটক এক নারীকে উদ্ধার করতে গিয়ে ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আটক নারীকে অক্ষত উদ্ধার করেছে পুলিশ। খবর ডয়চেভেলের
বুধবার মধ্যরাতে ফ্রান্সের পুয়ে-দে-দোম গ্রামের এক বাড়িতে সহিংস কলহের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায় পুলিশ। জানা যায়, সেই বাড়ির ছাদে এক নারীকে আটকে রাখা হয়েছে। তাকে উদ্ধার করতে পুলিশ কর্মকর্তারা এগিয়ে গেলে ৪৮ বছর বয়সি এক ব্যক্তি গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং এক জন আহত হন। বন্দুকধারী ব্যক্তি পুলিশের ওপর গুলি চালানোর পর বাড়িতে আগুন লাগিয়ে দেন। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্রান্সের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশের ওপর গুলি চালানো ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। তিনি আগুনে পুড়ে গেছেন, নাকি আগুন লাগিয়ে দিয়ে পালিয়েছেন সে সম্পর্কেও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ কাস্তঁ এক বিবৃতিতে বুধবারের ঘটনাকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।